ওসমানীনগর (সিলেট) সংবাদদাতা:
সাংবাদিকতার মানোন্নয়ন, পেশাগত দায়িত্ববোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের অঙ্গীকার নিয়ে সিলেটের ওসমানীনগর প্রেসক্লাবের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ জুন ২০২৬) রাতে প্রেসক্লাব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
ওসমানীনগর প্রেসক্লাবের সভাপতি শরীফ আহমদ চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসাইনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রেসক্লাবের সদস্যরা অংশগ্রহণ করেন। সভায় বক্তব্য রাখেন ক্লাবের সহ-সভাপতি মলয় চক্রবর্তী, সাংবাদিক শেখ ফয়ছল আহমদ, ইব্রাহিম খান ইমন, ফজলু মিয়া, আনু মিয়া, সুবল চন্দ্র দাস ও জুয়েল মিয়া।
বক্তারা বলেন, বর্তমান সময়ে গণমাধ্যমের দায়িত্ব ও চ্যালেঞ্জ দুটোই বেড়েছে। তাই সাংবাদিকদের সত্য, বস্তুনিষ্ঠ ও জনস্বার্থসংশ্লিষ্ট সংবাদ পরিবেশনের মাধ্যমে জনগণের আস্থা ও বিশ্বাস অটুট রাখতে হবে। একই সঙ্গে অপসংবাদ ও গুজব প্রতিরোধে সাংবাদিকদের আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তারা।
আলোচনা সভায় বক্তারা সাংবাদিকদের পেশাগত নৈতিকতা, দক্ষতা বৃদ্ধি এবং আধুনিক সাংবাদিকতার বিভিন্ন দিক নিয়ে মতামত তুলে ধরেন। তারা বলেন, সমাজের উন্নয়ন, গণসচেতনতা সৃষ্টি এবং গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় গণমাধ্যমের ইতিবাচক ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সভায় সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, ঐক্য ও সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি ওসমানীনগর প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও জনমুখী করার লক্ষ্যে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করা হয়।
সভা শেষে সাংবাদিকতা পেশার মর্যাদা রক্ষা এবং জনগণের কল্যাণে দায়িত্বশীল ভূমিকা পালনের প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত সদস্যরা।
প্রিন্ট করুন
ফটো কার্ড
এ জাতীয় আরো খবর..